পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মাতুয়াইল, আমিনবাজারসহ উন্মুক্ত স্থানে কেউ বর্জ্য পোড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বর্জ্য পোড়ানোর ঘটনায় দায়ী সরকারি, বেসরকারি ব্যক্তিকে শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে বায়ুদূষণ রোধে নির্মাণ সামগ্রী ঢেকে রাখতে হবে। বালু ও নির্মাণ সামগ্রী পরিবহন করার সময় তা ঢেকে রাখতে হবে। অন্যথায় ব্যবস্থা নেয়া হবে। এলক্ষ্যে পরিবেশ অধিদফতর, রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ম্যাজিস্ট্রেটরা একসাথে কাজ করবে।

উপদেষ্টা বলেন, সেবাপ্রদান সংস্থাগুলো যেন আলাদা আলাদাভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি না করে, সেটা নিশ্চিত করতে হবে। ‘নো ব্রিক ফিল্ড জোন’ বাস্তবায়ন করা হবে। রাস্তা ও আশপাশে পানি ছিটাতে হবে। আইন না মানলে অঞ্চলভিত্তিক বিশেষ অভিযান চালানো হবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বায়ুদূষণ কমাতেই হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে শহরকে সবুজ করতে হবে। রাস্তার ডিভাইডারে ঘাস লাগাতে হবে।

সভায় ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম, বিআরটি চেয়ারম্যান মো: ইয়াসীন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. কামরুজ্জামান প্রমুখ।

সূত্র : বাসস