দীর্ঘদিনের তীব্র গরমে বিপর্যস্ত রাজধানীবাসীর জন্য অবশেষে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।