বিশ্বজুড়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১০ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। বর্তমানে এ শহরের বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।
আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের একিউআই স্কোর ১৩৩।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের দিল্লি ও চীনের উহান শহর যথাক্রমে ৬৮৬, ১৯১ ও ১৭২ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
যখন দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে তখন বাতাসের গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। শহরটির বায়ুর গুণমান সাধারণত ‘শীতকালে’ অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং ‘বর্ষাকালে’ উন্নত হয়। সূত্র : ইউএনবি