রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।