কয়েক দিনের টানা বৃষ্টির পর মঙ্গলবার সকালে রাজধানীতে সূর্যের দেখা মিলেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকায় কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসাথে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতিও বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
গতকাল সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।