বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা নতুন কিছু নয়। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্বে আসে ম্যাচ বয়কটের মতো ঘোষণাও। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ঘটল একই ঘটনা।

ডিপিএলে দেখা দিয়েছে পারিশ্রমিক নিয়ে জটিলতা। টাকা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। দিয়েছেন ম্যাচ বয়কটের হুমকিও।

বুধবার (৯ এপ্রিল) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর চিঠি দেন ক্লাবটির ক্রিকেটাররা। যদিও সরাসরি নিজামউদ্দিন চৌধুরীর দেখা মেলেনি, তবে তার অফিসে চিঠিটি জমা দিয়ে আসেন ক্রিকেটাররা।

শুধু তাই নয়, প্রাপ্ত পাওনা পাওয়ায় আজ সকালের অনুশীলনও বর্জন করে পারটেক্সের খেলোয়াড়রা। এমনকি রাতের মাঝে পেমেন্ট না পেলে ম্যাচ বয়কটের হুমকিও দেন ক্রিকেটাররা।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে মুক্তার বলেন, ‘এটা আসলে এক দিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সাথে, কোচের সাথে। তারা আমাদের সহযোগিতা করছেন না।’

‘এ জন্য আমরা আজ অনুশীলন বয়কট করেছি। আমরা কাল ম্যাচও খেলব না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পারিশ্রমিক এবার আমাদের খুবই অল্প ধরা হয়েছে। সেটাও আমরা পাচ্ছি না। এজন্য আমরা ঠিক করেছি কাল আমরা ম্যাচ খেলব না।’

এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারিশ্রমিকে খেলছেন বেশিভাগ ক্রিকেটার। পারটেক্সের মতো দলে যার পরিমাণ আরো কম।

পারিশ্রমিকের ব্যাপারে মুক্তার বলেন, ‘সত্যি বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। চার থেকে পাঁচজনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেয়া হয়েছে।’

তবে বয়কট-বর্জনের মাঝেও ক্লাবটির কিছু ক্রিকেটারকে অনুশীলন করতেও দেখা যায়। তাদের প্রসঙ্গে মুক্তার বলেন, ‘ক্লাব কর্তারা তৃতীয় বিভাগ থেকে নতুন কিছু খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়ে খেলাতে চাইছেন।’