রেসিং অঙ্গনে খুব একটা পরিচিত মুখ নয় বাংলাদেশ। তবে গত কয়েক বছরে অভিক আনোয়ারের হাত ধরে রেসিংয়েও বাংলাদেশের পতাকা উড়ছে। তবে সেই পতাকা উড়াতে গিয়ে এবার মারাত্মক আহত হয়ে পড়েছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিক আনোয়ারের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দুঃসংবাদটি জানানো হয়েছে।

এই কার রেসারের পেজের অ্যাডমিনের বরাত দিয়ে বলা হয়েছে, ‘সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এই মুহূর্তে তাকে মেডিক্যাল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে প্রার্থনায় রাখুন।’

এর আগে আজ সকালের দিকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরো ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা-আল্লাহ, আজ বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!’

৩৯ বছর বয়সী এই কার রেসার গত ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে পুরোনো ‘ট্যুরিং কার’ রেসে প্রথমবারের মতো অংশ নিয়েই বাজিমাত করেন। দুবাইয়ের অটোড্রোমে দু’রেইসে অংশ নিয়ে দু’টোতেই পেয়েছিলেন পোডিয়াম ফিনিশ।

রেসিং ট্র্যাকে প্রতিনিয়ত ঝড় তুলে চলেছেন তিনি। পেশাদার রেসার হিসেবে অংশ নিয়েছেন ১৩০টির বেশি রেইসে। বাংলাদেশের একমাত্র রেসার হিসেবে ফর্মুলা ওয়ানে অংশ নেয়ার কীর্তিও আছে তার।

যেই সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে চ্যাম্পিয়নশিপ সিরিজে আহত হলেন তিনি, এই প্রতিযোগিতায় ২০২৩ সালে সেরা রেসার নির্বাচিত হয়েছিলেন।