ম্যাচের নিয়ন্ত্রণ আগেই নিয়ে নিয়েছিল বাংলাদেশ। অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার। অস্বাভাবিক কিছু না ঘটলে চট্টগ্রাম টেস্টে জয়ের পথেই টাইগাররা। ইতোমধ্যে এগিয়ে গেছে অনেকটা দূর। বের হয়ে এসেছে জিম্বাবুয়ের ইনিংসের লেঁজ। তাইজুল-মিরাজের ঘূর্ণিতে মাত্র ৭৩ রানেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট।
এই মুহূর্তে তাদের পুঁজি ৬ উইকেটে ৯২ রান। লিড ভাঙতে তাদের আরো চাই ১২৫ রান।
২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। চাপে ফেলেন তাইজুল ইসলাম। দলীয় ৮ রানেই তুলে নেন জোড়া উইকেট। ব্রায়ান বেনেট ৬ ও নিক ওয়েলচ ফেরেন ০ রানে।
সেই ধাক্কা সামলে উঠার আগেউ বিপদ আরো বাড়ে। দারুণ ছন্দে থাকা শন উইলিয়ামসকে মাত্র ৭ রানে থামান নাইম হাসান। ২২ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে হাল ধরার চেষ্টা করেন ক্রেইগ আরভিন।
তবে তার প্রতিরোধ ভেঙে দেন মেহেদী মিরাজ। ৫৬ বলে ২৫ রান করে আউট হন আরভিন। ব্যাট হাতে আজ সেঞ্চুরি করা এই অলরাউন্ডার বল হাতেও হয়ে উঠেন বিধ্বংসী। কোনো রান যোগ করার আগেই ফেরান ওয়েসলে মাদেভেরেকে।
পরের ওভারে ফের আঘাত আনেন তিনি, এবার তার শিকার তাদাফজোয়া টিসিগা। রানের খাতা খুলতে পারেননি এই উইকেট কিপার ব্যাটারও। ইনিংসের ৩য় ও ম্যাচে নিজের ৮ম উইকেট তুলে নেন মিরাজ।
তবে দলকে টানছেন ওপেনার বেন কারেন। ওয়েলিংটন মাসাকাদজাকে নিয়ে লড়াই করার চেষ্টা চালাচ্ছেন তিনি। কারেন ৪৪ ও মাসাকাদজা ব্যাট করছেন ৮ রানে।
এর আগে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ২২৭ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৪৪৪ রান তুলে বাংলাদেশ। স্বাগতিকেরা লিড পায় ২১৭ রানের।