২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন টেনিস তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় ঘন্টা বাজে জকোভিচের।
সোমবার (৩১ আগস্ট) ইউএস ওপেনের প্রথম রাউন্ডে অবাছাই আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হেরে যান জকোভিচ।
প্রথম সেট হারলেও, পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ দুই সেটে আর লড়াই করতে পারেননি তিনি। এতে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় এই টেনিস তারকাকে।
সর্বশেষ ২০০৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন জকোভিচ।
হারের জন্য নিজের শারীরিক সমস্যাকে দুষলেন জকোভিচ, ‘দুর্ভাগ্যবশত, এই বছর প্রায় প্রতি ম্যাচেই শারীরিক সমস্যা ছিল। বমি করা, পেশিতে টান ধরা এবং ব্যথা হওয়া, এসব খুবই গুরুতর সমস্যা। ম্যাচটাও শেষ করতে পারলাম না।’
র্যাঙ্কিংয়ে ৪৯তম স্থানে থাকা নাভোনের কাছে হারলেও, তাকে অভিনন্দন জানাতে ভুল করেননি জকোভিচ। তিনি বলেন, ‘তার জয়কে ছোট করে দেখতে চাই না। নাভোনেকে অভিনন্দন। সে একজন লড়াকু খেলোয়াড়। তবে আমি ম্যাচটা উপভোগ করিনি।’
জকোভিচের বিপক্ষে পাওয়া জয় বিশ্বাস করতে পারছেন না নাভোনে। তিনি বলেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের বিপক্ষে পাঁচ সেটের ম্যাচ খেলা এবং জয় পাওয়া, স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমন কিছু তো প্রতিদিন হয় না। আমার জন্য এটা অনেক বড় পাওয়া।’ বাসস