ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে আগামী ১০ জুন। একই দিন ঘরের মাঠে প্রথমবারের মতো মাঠে নামবেন আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম। দুই তারকার অভিষেক ম্যাচের টিকিট মিলবে মাত্র ৪০০ টাকায়।
হামজা ও শমিতের অভিষেক ম্যাচের মাধ্যমে বাংলাদেশ ফুটবল নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হলেও ফুটবল দলের ম্যাচের টিকিট পাওয়া যেত মাঠেই।
বুধবার বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এসব তথ্য জানান, এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দর্শকদের আগ্রহ দেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের টিকিট প্রথমবারের মতো অনলাইন প্লাটফর্ম ছেড়েছে। শনিবার থেকে অনলাইনে পাওয়া যাবে। একজন ফুটবলপ্রেমী মোবাইল ও ই-মেইল ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১০ ক্যাটাগরির টিকিট ছাড়বে বাফুফে। প্রেসিডেন্ট বক্সে শুধু নিমন্ত্রিত অতিথিরা খেলা দেখার সুযোগ পাবেন। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা।
এছাড়া করপোরেট বক্স পাঁচ হাজার, ভিআইপি-রেড বক্স চার হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ দু’হাজার ৫০০, স্কাই ভিউ তিন হাজার, ক্লাব হাউজ-১ দুই হাজার ৫০০, ক্লাব হাউজ-২ দুই হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা।
এছাড়া সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ও তিনটি বুথে ছাড়া হবে বলেও জানিয়েছে বাফুফে।