প্রথম লেগে হারের পরই ইন্টার মায়ামির বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যায়। তবুও দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছুই দেখতে চেয়েছিল সমর্থকেরা। তবে সেই আশায় গুঁড়েবালি। দ্বিতীয় লেগেও বড় ব্যবধানে হেরে গেছে মেসির দল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো মেসি-সুয়ারেজরা।

চেষ্টার অবশ্য কমতি ছিল না মায়ামির। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। তার ফলও পেয়ে যায় নবম মিনিটে। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মায়ামি।

তখনো অবশ্য ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা। তবে তার কিছুই হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি মায়ামি।

৫১তম মিনিটে সমতায় ফেরে তারা। গোল করেন ব্রায়ান ওয়াইট। তার দুই মিনিট পর আবারো মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা। এবার স্কোরার পেদ্রো ভিতা। সেমিফাইনাল স্বপ্ন ফের কঠিন হয়ে উঠে মেসিদের।

তবে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মায়ামি। উল্টো ৭১তম মিনিটে আরো একটা গোল হজম করে দলটা। ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টা।

ম্যাচটা শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় মায়ামি। ফলে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমি থেকেই বিদায় নিত হল মেসিদের।