চলতি মৌসুমে দারুণ ছন্দে রাফিনিয়া। প্রতি ম্যাচেই তার দারুণ কিছু করার চেষ্টা, রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ব্যতিক্রম হয়নি গতরাতেও। বদলি নেমে মান বাঁচিয়েছেন বার্সেলোনার। পরে অবশ্য জয়ও পেয়েছে দলটা।

লা লিগায় গতরাতে (শনিবার) ভায়াদলিদের মুখোমুখি হয় বার্সেলোনা। ভায়াদলিদের মাঠেই তাদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সা। রাফিনিয়া ছাড়াও গোল পেয়েছেন ফের্মিন লোপেজ।

ইন্টার মিলানের বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগে ৩-৩ গোলে ড্র হওয়া ম‍্যাচ থেকে ৯ পরিবর্তন এনে ভায়াদলিদের বিপক্ষে শুরুর একাদশ সাজিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। তাতে প্রথমার্ধে অবশ্য তেমন সুবিধা করতে পারেনি বার্সা।

এদিনও শুরুটা ভালো হয়নি। বরাবরের মতো শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। মাত্র ৬ মিনিটের মাথায় গোল হজম করে বসে দলটা। সানচেসের শট রোনাল্ড আরাউহোর পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

এরপর একের পর এক চেষ্টা করেও সমতায় ফিরতে পারছিল না কাতালানরা। এই সময় ৮২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৫টি শট নেয় বার্সা। তবে ফল আসেনি। পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।

তবে বিরতির পর আরো বাড়ে সফরকারীদের আক্রমণের ধার। ৫১তম মিনিটে রাফিনিয়ার দারুণ ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভাইয়াদলিদ গোলরক্ষক।

৫৪তম মিনিটে অবশ্য ব্রাজিলিয়ান তারকাকে আর থামানো যায়নি। ইয়ামালের ক্রসে একটুর জন‍্য হেড করতে পারেননি আরাউহো। সুযোগে বল চলে আসে বিরতির পর বদলি নামা রাফিনিয়ার কাছে।

বুক দিয়ে বল নামিয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন তিনি। লা লিগার চলতি মৌসুমে যা রাফিনিয়ার ১৬তম গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে তার গোল অবদান ৫৬।

সমতায় ফেরার ৬ মিনিট পরই বার্সাকে লিড এনে দেন ফেরান লোপেজ। মার্তিনের ক্রসে ডি বক্সের ঠিক ভেতর থেকে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই তরুণ। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

৭৪তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় ভাইয়াদলিদ। হুয়ানমি লাতাসার শট দুর্দান্তভাবে হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেন।

এদিকে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পায় বার্সা। তবে তা কাজে লাগাতে পারেনি। আর গোল হজম না করায় জয় পেতে খুব একটা সমস্যা হয়নি।

এই জয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ৩৪ ম‍্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। এক ম‍্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।