বাংলাদেশ ফুটবলে যেন জোয়ার বইছে। ফুটবল উন্মাদনায় গোটা দেশ মেতে উঠেছে। যার প্রভাব পড়েছে আসন্ন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে। খেলা মাঠে গড়ানোর সপ্তাহ দুয়েক আগেই শেষ ম্যাচের সব টিকেট।
আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরীর সাথে এ ম্যাচে খেলার কথা রয়েছে সামিত সোম ও ফাহমিদুলের।
ভারতের বিপক্ষে ইতোমধ্যে একটা ম্যাচ খেললেও দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে হামজার। সামিত ও ফাহমিদুল প্রথমবারের মতো জড়াতে যাচ্ছেন জাতীয় দলের জার্সি।
হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে যোগ দেয়ার পর যেন নবজাগরণ ঘটেছে। সেই পুরনো ফুটবল প্রেম জেগে উঠেছে সমর্থকদের মনে। যেখানে সামিত সোম আর ফাহমিদুলের অন্তর্ভুক্তি উন্মাদনা বাড়িয়ে দিয়েছে আরো।
যার প্রভাব পড়েছে সিঙ্গাপুর ম্যাচে। ম্যাচটির টিকিট বিক্রি শুরু হয় ২৪ মে রাত ৮টা থেকে। তবে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় বিক্রি। এরপর রাত ১১টার পর আরো একটি বিজ্ঞপ্তি দেয় বাফুফে।
সেই বিজ্ঞপ্তিতে তারা জানায়, সাইবার আক্রমণের কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। দর্শকদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে তারা। শিগগিরই টিকিট বিক্রি শুরুর নতুন সময়ের কথাও জানায় বাফুফে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সোমবার (২৬ মে) রাত ১০টায় শুরু হবে ক্লাব হাউজ-২ ও নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি। এবার ঠিক সময়ে সঠিকভাবে শুরু হয় বিক্রি। আর কোনো ভোগান্তিতে পড়তে হয়নি দর্শকদের।
এরপর নির্বিঘ্নে-ই টিকিট সংগ্রহ করতে পেরেছে দেশের ফুটবল ভক্তরা। তবে মঙ্গলবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় টিকিট বিক্রি। জানা যায়, আর কোনো টিকিট অবশিষ্ট নেই।
সব মিলিয়ে নয়টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করেছে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে।
এছাড়া ভিআইপি-১ বক্সের টিকিটের দাম চার হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম আড়াই হাজার টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম তিন হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম আড়াই হাজার এবং ক্লাব হাউজ-২ এর টিকিটের দাম দু’ হাজার টাকা।