পিএসজির সামনে ন্যুনতম লড়াইও করতে পারেনি লিভারপুল। ঘরের মাঠে দাপুটে জয়ে শিরোপা ধরে রাখার পথে খানিকটা এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।
পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। গোল ২টি করেন দেজিরে দুয়ে ও খিচা কাভারাস্কেইয়ার।
বুধবার ম্যাচ জুড়ে ৭৪ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে স্বাগতিকেরা। গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে মাত্র ৩টি শট নিতে পারে লিভারপুল।
ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সের বাম পাশ থেকে প্রায় ১৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে প্রবেশ করান দেজিরে দুয়ে। চলতি টুর্নামেন্টে এটি তার পঞ্চম গোল।
এরপর ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া চেষ্টা অব্যাহত রাখে পিএসজি। তবে বিরতির আগে আর সাফল্য পাননি দুয়ে, ওসুমানে দেম্বেলে, হোয়াও নেভেসরা। বাড়তে থাকে হতাশা।
তবে ম্যাচের ৬৫ মিনিটে আসে দ্বিতীয় গোলটি। নেভেসের কাছ থেকে থ্রু বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন খিচা কাভারাস্কেইয়ার। এই ব্যবধান ধরে রেখেই জিতে যায় তারা।
অবশ্য কয়েক মিনিট পর ব্যবধান বাড়ানোর বড় সুযোগ পেয়েছিল পিএসজি। দেজিরে দুয়েকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে ভিএআর তা বাতিল করে দেয়।
এই ম্যাচে বারবার হতাশ করেন উসমান দেম্বেলে। নিজে গোল করার অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট না করলে লিভারপুলের হারের ব্যবধান আরও বড় হতে পারত।
আগামী মঙ্গলবার রাতে লিভারপুরের ঘরের মাঠে অ্যানফিল্ডে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দু’দল। যেখানে অবশ্য স্বাগতিকেরা বেশ চাপেই থাকবে।