গুঞ্জন আগে থেকেই ছিল, এবার তা আরো একধাপ এগিয়ে গেল। সব কিছু ঠিক থাকলে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিতে চলেছেন কার্লো আনচেলত্তি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার বাকি।

জানা গেছে, রেকর্ড পারিশ্রমিকে আগামী জুনেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। বিষয়টি নিশ্চিত করেছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে আর্জেন্টিনার কাছে ৪–১ গোলে হারে ব্রাজিল। এরপর ব্রাজিল কোচের পদ থেকে বরখাস্ত হন দরিভাল জুনিয়র। তখন থেকেই শোনা যেতে থাকে রিয়াল মাদ্রিদ কোচ আসছেন হলুদ শিবিরে।

বিষয়টা ভিন্ন মাত্রা পায় গত ১৬ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিনিধি পাঠালে। খেলা চলাকালীন সময়েই চুক্তি সম্পন্ন হয়ে যায় দুই পক্ষের মাঝে।

রিয়াল মাদ্রিদের সাথে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত। তবে চলতি মৌসুমে দলকে ভালো কোনো অবস্থানে নিতে না পারায় সেই সম্পর্কে ফাঁটল ধরেছে। যেকোনো সময় রিয়াল ছাড়তে পারেন আনচেলত্তি।

ধারণা করা হচ্ছে, লা লিগার মৌসুম শেষ করে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রিয়াল ডাগ আউটে আনচেলত্তিকে দেখা যাবে না।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম 'দ্য অ্যাথলেটিক’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তার মেয়াদ হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

আনচেলত্তিকে সাইন করাতে কোচিং ইতিহাসের সব রেকর্ড ভাঙ্গতে চলেছে ব্রাজিল কনফেডারেশন। গণমাধ্যমে খবর আনচেলত্তি যে টাকা পাবেন, তা আগে কখনো পাননি ব্রাজিলের কোনো কোচ। যদিও সঠিক সংখ্যা জানা যায়নি।