সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অতিরিক্ত শব্দদূষণের দায়ে ১১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদফতর সিলেট বিভাগ ও সিলেট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিমা আক্তারের নেতৃত্বে ও জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মনজুরুল ইসলামের সার্বিক সহযোগিতায় সিলেট নগরীর সুবিদবাজার, শাহপরানসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক মো: আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে শব্দ দূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসাথে উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সতর্কবার্তা দেয়া হয়েছে।