জাভি আলোনসো আসছেন তা জানাই ছিল। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও এসে গেল এবার, অফিশিয়ালভাবেই আলোনসোকে নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

কার্লো আনচেলত্তির স্থানে আজ (সোমবার) জাভি আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোজরা।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘আগামী তিন মৌসুমের জন্য তাদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাভি আলোনসোকে। আগামী ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তিনি রিয়ালের সাথে থাকবেন।’

আনচেলত্তির রিয়াল মাদ্রিদ ছাড়ার খবকর প্রকাশের পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। তখনই গুঞ্জন উঠে জাভি আলোনসো ফিরছেন পুরনো ডেরাতে। সাবেক ফুটবলারকে কোচ করে আনছে লস ব্লাঙ্কোজরা।

খেলোয়াড় হিসাবে রিয়াকের জার্সিতে বহু রেকর্ড রয়েছে আলোনসোর। বহু সাফল্যের স্বাক্ষী তিনি। ট্রফি ক্যাবিনেটেও রয়েছে অ্যালোন্সোর বহু কীর্তির স্মারক। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগার ট্রফিও।

এবার তাকে দায়িত্ব নিতে হচ্ছে প্রিয় দলটাকে ট্রফি জেতানোর। আনচেলত্তির অধীনে আগের মৌসুমগুলোয় দারুণ সময় কাটালেও এবার ছিল ব্যতিক্রম। চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।

যার জেরে যেমন বিদায় ঘটেছে আনচেলত্তির, তেমনি আসছেন আলোনসো। ফলে চ্যালেঞ্জটা তার জন্য একটু বেশিই। অবশ্য এসব চ্যালেঞ্জ পাড়ি দেয়ার অভিজ্ঞতা নিয়েই আসছেন তিনি। লেভারকুসেনের স্বপ্নের কারিগর তিনি।

দলটিকে ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতান তিনি। ২০২৪ সালের জার্মান সুপার কাপও জেতে আলোনসোর লেভারকুসেন। দলকে রানার্সআপ করেন ইউরোপা লিগে। চলতি মৌসুমেও উপহার দেয় দারুণ খেলা।

তবে লেভারকুসেনে আলোনসো অধ্যায়ের ইতি ঘটে গেছে ইতোমধ্যেই। বিদায় বলে দিয়েছেন ক্লাবটিকে। আর আজ আনুষ্ঠানিকভাবে নিলেন রিয়ালের দায়িত্ব। ক্লাব বিশ্বকাপ দিয়ে শুরু হবে তার যাত্রা।