এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে উত্তেজনা এখন সবচেয়ে বেশি। বড়দের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টেও সিঙ্গাপুরের গ্রুপে আছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ মে) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদফতর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি অ-২৩ টুর্নামেন্টের ড্রয়ে বাংলাদেশ পড়েছে সি-গ্রুপে। গ্রুপের স্বাগতিক দল ভিয়েতনাম। এর সাথে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন।
আগামী ১-৯ সেপ্টেম্বর এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হবে। ১১টি গ্রুপে খেলবে এশিয়ার ৪৪টি দেশ। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা চারটি রানার্স-আপ দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ এএফসি অ-২৩ টুর্নামেন্টে বিগত আসরগুলোতে বাছাইপর্ব পার হতে পারেনি।
জুন উইন্ডোর পর সিনিয়র জাতীয় দলের ম্যাচ অক্টোবরে। তাই এবার সেপ্টেম্বরেও অ-২৩ টুর্নামেন্টে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে দায়িত্ব দেয়ার কথা শোনা যাচ্ছে।
এএফসি অনূর্ধ্ব-২৩ কোন গ্রুপে কারা-
গ্রুপ এ-জর্ডন (আয়োজক), তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, ভুটান
গ্রুপ বি-জাপান, কুয়েত, মায়ানমার (আয়োজক), আফগানিস্তান
গ্রুপ সি-ভিয়েতনাম (আয়োজক), ইয়েমেন, সিঙ্গাপুর, বাংলাদেশ
গ্রুপ ডি-অস্ট্রেলিয়া, চিন (আয়োজক), তিমুর-লেস্তে, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস
গ্রুপ ই-উজবেকিস্তান, ফিলিস্তিন, কিরগিজ প্রজাতন্ত্র (আয়োজক), শ্রীলঙ্কা
গ্রুপ এফ-থাইল্যান্ড (আয়োজক), মালয়েশিয়া, লেবানন, মঙ্গোলিয়া
গ্রুপ জি-ইরাক, কম্বোডিয়া (আয়োজক), ওমান, পাকিস্তান
গ্রুপ এইচ-কাতার (আয়োজক), বাহরিন, ভারত, ব্রুনেই দারুসসালাম
গ্রুপ আই-সংযুক্ত আরব আমিরশাহী (আয়োজক), ইরান, হংকং, চিন, গুয়াম
গ্রুপ জে-কোরিয়া প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া (আয়োজক), লাওস, ম্যাকাও
গ্রুপ কে-তাজিকিস্তান (আয়োজক), সিরিয়া, ফিলিপিন্স, নেপাল।