নেইমারের ফেরার গুঞ্জন যেভাবে উঠেছিল, তেমনি আবার মিলিয়ে যেতেও সময় লাগেনি। আবারো চোটে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের দল ঘোষণা করেছে ব্রাজিল।

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছে বড়সড় চমক।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত দলে রয়েছে বেশ কিছু নতুন মুখ। তবে নেই অভিজ্ঞ ও পুরনোদের অনেকেই। নেই এডারসন, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোর মতো তারকারা।

চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিউসকে স্কোয়াডে রাখেননি আনচেলত্তি আর নতুনদের জায়গা করে দিতে বাদ পড়েছেন রদ্রিগো। আর এডারসন আটকা পড়েছেন চোটের কাছে।

গত দুই রাউন্ডের দলের সাথে তুলনা করলে এবার দলে পরিবর্তন নয়টি। অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন মুখ- কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ।

এছাড়াও দলে ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো, এবং লুইজ হেনরিক।

এরই মাঝে বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল। প্রতিপক্ষ চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। তবে আর বলিভিয়া এখনো দুল্যমান। প্লে-অফে জায়গা পাওয়ার জন্য লড়ছে।

চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৯ তারিখ এল আল্টোতে।

ব্রাজিলের স্কোয়াড

গোলকিপার : অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা

ডিফেন্ডার : আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড : এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।