ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের প্রসিদ্ধ ফুটবলার ক্যাথলিন সুজা। তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে সেন্টার ব্যাক হিসেবে খেলেন।
আল নাসর ইনস্টাগ্রামে ক্যাথলিনের একটি আবেগঘন ভিডিও শেয়ারের মাধ্যমে তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
ওই ভিডিওর ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‘এটি ক্যাথলিন সুজার জীবনের এক বিশেষ মুহূর্ত। কেননা, তিনি ইসলাম গ্রহণ করেছেন, আর এমন গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি।’
ভিডিওটিতে ক্যাথলিন বলেছেন, ‘আমি সঠিক পথ ও পরিবর্তন খোঁজার উদ্দেশ্যে ধীরে ধীরে কদম রেখেছি। এর মাধ্যমে জীবনের যে উপহার আমি পেলাম, তার মর্যাদা রাখতে চাই।’
ব্রাজিলিয়ান এই ফুটবলার নিজেও তার ইনস্টাগ্রামে হৃদয়ছোঁয়া কয়েকটি ছবি শেয়ার করেছেন, সেগুলোতে তাকে মক্কার পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালনরত দেখা গেছে।
একটি ছবিতে দেখা যাচ্ছে- কালো আবায়া পরিধান করে সতীর্থদের সাথে পবিত্র কাবা শরিফের চত্বরে অবস্থান করছেন তিনি। আরেকটি ছবিতে তাকে ওমরাহ আদায়কারী মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করতে দেখা গেছে। এ সময় ক্যাথলিন সুজাকে আবেগপ্রবণ দেখা যায়।
ক্যাথলিন সুজা গত দুই বছর আগে, আল নাসরে যোগ দেন। এর পরিপ্রেক্ষিতে তিনি সৌদি আরবে মুসলমানদের জীবনযাপন খুব কাছ থেকে দেখেন এবং ইসলামী সংস্কৃতি ও মূল্যাবোধে অনুপ্রাণিত হয়ে অবশেষে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২৯ বছর বয়সী ক্যাথলিন সুজা ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্মগ্রহণ করেন। তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেন। এর আগে তিনি ব্রাজিলের ক্লাব সান্তোসের সাথে যুক্ত ছিলেন। পরে তিনি আমেরিকায় চলে যান, যেখানে তিনি ইউনিভার্সিটি অফ লুইভিল এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে পড়াশোনা করেন এবং ফুটবল খেলতে থাকেন। একসময় তিনি ব্রাজিলের নারী জাতীয় ফুটবল দলেরও অংশ হন। ২০২৪ সালের আগস্টে তিনি দুই মৌসুমের চুক্তিতে আল নাসরে যোগ দেন।