মেসি-নেইমাররা পিএসজি ছাড়ার পর তাদের নিয়ে আলোচনা যেন খানিকটা কমে এসেছে। তবে নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে পিএসজি। এবার তাদের চোখ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সেই লক্ষ্যে অনেকটা এগিয়েও গেছে তারা।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় আর্সেনাল ও পিএসজি। যেখানে গানারদের ১-০ গোলে হারিয়ে চার মৌসুম পর আবারো ফাইনালের স্বপ্ন দেখছে প্যারিসের ক্লাবটি।

ম্যাচ শুরু থেকেই আর্সেনালের ওপর আধিপত্য বিস্তার করতে থাকে পিএসজি। এরপর মিকেল আর্তেতার দল শুরু করে পাল্টা আক্রমণ। অনেক সুযোগও আসে, বল জালেও জড়ায়। কিন্তু গোলের দেখা মেলেনি।

উল্টা তাদের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল প্যারিসের ক্লাবটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন উসমান দেম্বেলে। ৪ মিনিটে গোলটি করেন তিনি।

দেম্বেলের গোলেই গড়ে উঠেছে ম্যাচের ভাগ্য। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে খাবিচা বারাতসখেলিয়া বক্সে ঢুকে পাস দেন দেম্বেলেকে। নিখুঁত শটে জাল খুঁজে নিতে দেরি করেননি দেম্বেলে।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল সফরকারীদের। তবে বক্সের ভেতর থেকে ফাবিয়ান রুইজের নেয়া শট বারে লেগে ফিরে আসে। পিএসজির একচেটিয়া আক্রমণে প্রথম দিকে তেমন কিছুই করতে পারেনি আর্সেনাল।

ধীরে ধীরে আর্সেনালের খেলায় ধার বাড়তে থাকে। বিরতির আগে একটি দারুণ সুযোগ তৈরি করে আর্সেনাল। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লির শট ঝাঁপিয়ে আটকে দেন জানলুইজি দোন্নারুম্মা।

প্রথমার্ধে তেমন সুবিধা করতে না পারলেও বিরতির পর পরই জালের দেখা পায় আর্সেনাল। কিন্তু ডেকলান রাইসের ক্রসে হেড করা মিকেল মেরিনো অফসাইডে থাকায় ভিএআরে গোল মেলেনি।

এরপর আরো বেশ কয়েকটি আক্রমণ শাণায় আর্সেনাল, সুযোগ পায় পিএসজিও। তবে দু’দলের কেউ আর গোলের দেখা পায়নি। গানারদের ডেরা থেকে জয় নিয়ে ফেরে পিএসজি।