খুব কাছে গিয়েও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এখনো সুযোগ রয়েছে টাইগ্রেসদের। তবে তার জন্য খেলতে হবে বাছাইপর্ব। সেই পর্বে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

ছয় দলের বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট ৯ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে ১৯ এপ্রিল। যেখান থেকে সেরা দুই দলের বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাছাইপর্বের ম্যাচগুলোর জব্য ১০ জন আম্পয়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সাথে তিনজন ম্যাচ রেফারির নামও জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

যেখানে থাকছে বাংলাদেশেরও দুই আম্পায়ার। তাদের একজন পুরুষ আম্পায়ার ও একজন নারী। তারা হলেন মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি।

জেসি অবশ্য এর আগে নারীদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। আইসিসির বিভিন্ন ইভেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে মুকুলের। ২০২০ ও ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে ছিলেন তিনি।

আম্পয়ারদের তালিকা :

মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), শন হেইগ (নিউজিল্যান্ড)।

ম্যাচ রেফারিদের তালিকা :

আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।