রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজারীবাগ পার্কসংলগ্ন শাহ আলম গলির মন্দিরের পাশের সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেন (১৫ নম্বর)-এর বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। তিনি নির্দিষ্ট কোনো পেশায় যুক্ত ছিলেন না। তবে কিছুদিন ধরে একটি পরিবহনে হেলপার হিসেবে কাজ করছিলেন।
সাগরকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক ইব্রাহিম জানান, কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার উদ্দেশ্যে যাওয়ার সময় শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেয়। রাত আড়াইটার দিকে সাগরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে তারা ঘটনার খবর পান। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক চিকিৎসকের বরাতে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।