শিরোপা হাতের মুঠোতেই ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। গতরাতে তা ঘটা করেই সেরে ফেলল বার্সেলোনা। এস্পানিওলকে হারিয়ে পুনরুদ্ধার করল লা লিগা। ২৮তম লা লিগা শিরোপা কাতালানদের।
জিতলেই নিশ্চিত লিগ শিরোপা, এমন সমীকরণ জেনেই বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মুখোমুখি হয় বার্সেলোনা। যেখানে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়েছে তারা।
এই নিয়ে ২৮তম লিগ শিরোপা উৎসবে মাতে বার্সা। তবে চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তি হলেও এদিন ট্রফি তুলে দেয়া হয়নি বার্সার হাতে। ঘরের মাঠে পরবর্তী ম্যাচে লিগ ট্রফি বার্সার হাতে তুলে দেবে লা লিগা কর্তৃপক্ষ।
এই জয়ে শুধু লিগ নয়, ফ্লিকের অধীনে প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল; লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ অর্জন করল কাতালান জায়ান্টরা। যেখানে দুঃখ কেবল চ্যাম্পিয়নস লিগ।
এস্পানিওলও ঘরের মাঠে বার্সাকে ভুগিয়েছে বেশ। সফরকারীদের আক্রমণ যেভাবে রুখে দিয়েছে, তেমনি নিজেরাও আক্রমণে গিয়ে চাপ তৈরি করেছে। যদিও ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি।
আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রথমার্ধে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। আসেনি গোলও। গোল শূন্য ছিল প্রথমার্ধ।
তবে বিরতির পর বদলে যায় বার্সা। ৫৩তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। দানি ওলমোর সাথে বল আনা-নেয়া করে আড়াআড়ি এগিয়ে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ শটে বল জালে জড়ান।
এরপর স্বাগতিকদের চলে সমতায় ফেরার লড়াই। এর মাঝে ৮০ মিনিটে ইয়ামালকে বাজেভাবে বাঁধা দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিয়ান্দ্রো কাবরেরা। ১০ জনের দলে পরিণত হয় এস্পানিওল।
দ্বিতীয় গোল আসে যোগ করা সময়ের সপ্তম মিনিটে। ইয়ামালের পাস থেকে গোল করে দলকে ২-০ গোলের জয় উপহার দেন ফেরমিন লোপেজ।
এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই লা লিগার চ্যাম্পিয়ন হলো বার্সা। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।