হিমশীতল উত্তেজনা, জমজমাট লড়াই, মুহুর্মুহু আক্রমণ; কী ছিল না এই ম্যাচে! একটা ম্যাচে যা যা দরকার, ছিল সব। তাছাড়া শেষ চারের সমীকরণ তো ছিলই। ছিল দমবন্ধ হওয়ার সব রসদ!

তবে শেষ পর্যন্ত নাটকীয়তার এমন পারদ ঠাসা ম্যাচে শেষ হাসি হাসলো ম্যানচেস্টার ইউনাইটেড। ৯ গোলের রুদ্ধশ্বাস লড়াই জিতে নিয়েছে তারা। জয় পেয়েছে ৫-৪ গোলে। দুই লেগ মিলিয়ে রেড ডেভিলদের স্কোর ৭-৬।

দু’দলের প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে শেষ চারে যেতে হলে বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে দু’দলকেই জিততেই হতো। ফলে কঠিন প্রতিদ্বন্দ্বীতার আভাস পাওয়া যাচ্ছিল, হলোও তাই।

অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের এই লড়াই থেকে দর্শকদের চোখ সরানোর কোনো উপায় রাখেননি দু’দলের ফুটবলাররা। জমজমাট লড়াইয়ে কখনো ইউনাইটেড এগিয়েছে, কখনো লিওঁ। ম্যাচ দুলেছে পেন্ডুলামের মতো।

অবশ্য শুরুটা দারুণ হয় ইউনাইটেডের। জোড়া গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ। ১০ মিনিটে যার শুরুটা করেন মানুয়েল উগার্তে। আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে গোল করেন তিনি।

আর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো দালোত। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধেও খেলা নিয়ন্ত্রণে ছিল ইউনাইটেডেরই। ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিকেরাই।

তবে এরপরই হুট করে নাটকীয় মোড় নেয় এই লড়াই। ৭১ মিনিটে তোলিসো হেডে ব্যবধান কমানোর ৬ মিনিট পর সমতা টানেন নিকোলাস তাগলিয়াফিকো। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচ স্কোর তখন ২-২, দুই লেগ মিলিয়ে ৪-৪। এদিকে বড় ধাক্কা খায় সফরকারীরা। নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে লিওঁর তোলিসো লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় লিওকে।

কিন্তু একজন কম নিয়েও তারা দমে যায়নি, উল্টা ১০৯ মিনিটেই ২ গোলের লিড নিয়ে ফেলে দলটি। দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ৬-৪ গোলে। ১০৪ মিনিটে হায়ান শের্কি দলকে এগিয়ে নেয়ার পর, ১০৯ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান বাড়ান লাকাজেত।

তবে নাটকীয়তার তখনো বাকি, অপেক্ষা করছিল আরো বড় রোমাঞ্চ। ৫ মিনিট পর কাসেমিরো ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় ইউনাইটেড, আর সফল স্পট কিকে ম্যাচে প্রাণ ফেরান ব্রুনো ফার্নান্দেজ।

এরপর কাসেমিরোর পাস ধরে ১২০ মিনিটে কোবি মাইনু গোল করে সমতায় ফেরান ইউনাইটেডকে। দুই লেগ মিলিয়ে দু’দলের স্কোর তখন ৬-৬। এমতাবস্থায় সবার চোখ ছিল সম্ভাব্য টাইব্রেকারে। তবে কে জানতো, তখনও নাটকের শেষ হয়নি।

যোগ করা সময়ের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেয় ইউনাইটেড। কাসেমিরোর ক্রসে গোলমুখে হেড করে দলকে জয় এনে দেন ম্যাগুইরে। শেষ ৮ মিনিটে ৩ গোল আদায় করে জিতে যায় ইউনাইটেড। উল্লাসে ফেটে পড়ে সমগ্র ওল্ড ট্রাফোর্ড।