আজ রাতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে দেশ ছাড়ছেন তারা। তবে দেশ ছাড়ার আগে দলে এসেছে পরিবর্তন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে মিয়ানমারের উদ্দেশে উড়াল দেয়ার আগে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে এসেছে তিনটি পরিবর্তন।

বড় পরিবর্তন এসেছে গোলরক্ষকের তালিকায় এবং রক্ষণে শক্তি বাড়াতে একজন মিডফিল্ডার কমিয়েছেন কোচ পিটার জেমস বাটলার।

বাদ পড়েছেন দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার। তাদের জায়গায় ডাক পেয়েছেন গোলরক্ষক মিলি আক্তার, স্বর্ণা রানী। অন্যদিকে মিডফিল্ডার শান্তি মার্ডির জায়গায় এসেছেন ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।

বাছাইপর্ব শুরু হবে আজ থেকেই। তবে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। যে গ্রুপের লড়াই শুরু হবে আগামী রোববার। সেদিনই বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু বাংলাদেশের।

দ্বিতীয় ম্যাচে আগামী ২ জুলাই সবচেয়ে কঠিন ম্যাচে মুখোমুখি হবে র‌্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা মিয়ানমারের। আর ১৪১ নম্বর দল তুর্কমেনিস্তানের বিপক্ষে বাটলারের দল খেলবে আগামী ৫ জুলাই।

বাছাইপর্বের জন্য প্রস্তুত হতে গত মাসে জর্ডান সফরে যায় বাংলাদেশ দল। সেখানে দুই শক্তিশালী প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার সাথে গোলশূন্য ড্রয়ের পর জর্ডানের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে বাটলারের দল।

বাংলাদেশ দল

‎গোলরক্ষক: ‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল

‎ডিফেন্ডার: ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন ‎মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার

‎ফরোয়ার্ড: ‎ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, সুরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।