কলম্বোতে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য হারের পর অনেকটাই কিংকর্তব্যবিমুঢ় বাংলাদেশ দল। এখনো সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি, এর মাঝেই হঠাৎ শ্রীলঙ্কায় উড়ে গেলেন আরো দুই ক্রিকেটার।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং ধসে পড়ে অভাবনীয়ভাবে হেরে যায় বাংলাদেশ। ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেটে ১০০ রান থেকে ১০৫ রানে পৌঁছাতেই হারায় ৮ উইকেট।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে সেই ম্যাচে হেরে গেলেও সিরিজে বাকি এখনো দুই ম্যাচ। এই ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে চায় দল।

সেই লক্ষ্যে হঠাৎ দেশ থেকে তারা উড়িয়ে নিয়ে যাচ্ছে দু’জনকে। দলে যোগ দিচ্ছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদী। তবে ওয়ানডে স্কোয়াডে নয়, বরং দলের সাথে থেকে প্রস্তুতিতে সহায়তা করবেন তারা।

৫ জুলাই কলম্বোতে বাংলাদেশ সাদা বলের দলে যোগ দেবেন তারা। প্রথম ম্যাচে লঙ্কান স্পিনারদের বিপক্ষে সুবিধা করতে না পারায় অনুশীলনের জন্য এই দু’জন স্পিনার দলভুক্ত করা।

অবশ্য টি-টোয়েন্টি সিরিজের দলেও তারা থাকতেন নিশ্চিতভাবেই। সব মিলিয়ে তাদের একটু আগেভাগেই শ্রীলঙ্কায় আনা হলো।