চার বছর পর সাদা পোশাকে তিন অঙ্কের ঘরে মেহেদী হাসান মিরাজ। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ছুঁয়েছেন টেস্ট ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক।
গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে বাংলাদেশের স্কোর যখন ৫ উইকেটে ২৬৭, তখন মাঠে নামেন মিরাজ। এরপর মুশফিকুর রহিম ও নাইম হাসান দ্রুত ফিরলেও হাল ছাড়েননি তিনি। লোয়ারঅর্ডার নিয়েই এগিয়ে যান।
নবম উইকেটে তাইজুলের সাথে ৬৩, দশম উইকেটে তানজিমের সাথে ৯৬ ও ও শেষ উইকেটে হাসান মাহমুদের সাথে অবিচ্ছিন্ন ৪ রানের জুটি গড়ে তুলে ১৪৩ বলে তুলে নেন শতক।
এদিকে তার সেঞ্চুরিতে ভর করে স্বস্তিতে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে পুরোপুরি চালকের আসনে বসে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ১২৮ ওভার শেষে পুঁজি দাঁড়িয়েছে ৯ উইকেটে ৪৪৩ রান।
আর বাংলাদেশ দল ইতোমধ্যে লিড নিয়েছে ২১৬ রানের। মেহেদী মিরাজ ১০৩ ও হাসান মাহমুদ ব্যাট করছেন ০ রানে।
চট্টগ্রামে চলছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। যেখানে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেট নেন তাইজুল ইসলাম।
জবাবে দ্বিতীয় দিনেই তা পেরিয়ে যায় বাংলাদেশ। নিয়ে নেয় ৬৪ রানের লিড। আজ বুধবার ৭ উইকেটে ২৯১ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ।