মাঠের ক্রিকেট থেকে রাজনীতির মাঠে নাম লেখানোর ঘটনা শ্রীলঙ্কাতে নতুন নয়। তেমনি একজন ছিলেন সনাথ জয়সুরিয়া। মাতারার সাবেক এই সংসদ সদস্য পরে হয়েছিলেন উপমন্ত্রীও।

তবে হঠাৎ রাজনীতি থেকে সরে আসেন তিনি। তবে ১০ বছরের বেশি সময় হলো রাজনীতি ছেড়ে দিয়েছেন জয়সুরিয়া। এমনকি রাজনৈতিক জীবন নিয়ে অনুশোচনার শেষ নেই তার।

রাজনীতিকে জীবনের সবচেয়ে বড় ভুল আখ্যা দিয়ে সনাথ জয়সুরিয়া বলেন, ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেয়া উচিত না।

সনাথ জয়সুরিয়া মতের এই ‘অনুচিত’কাজটা হয়েছে বাংলাদেশেও। নাইমুর রহমান দুর্জয়, মাশরাফী বিন মর্তুজা, সাকিব আল হাসান ক্রিকেট থেকে রাজনীতির মাঠে নাম লেখান।

বৃহস্পতিবার বাংলাদেশী গণমাধ্যমদের সাথে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় অবসরের পর রাজনীতিতে নাম লেখালেও মাশরাফী ও সাকিব তো ক্রিকেটার থাকা অবস্থানেই হয়ে যান সংসদ সদস্য। যার প্রভাব এরপর সবাই দেখেছে।

দেশে ক্ষমতার পালাবদলের পর নানা অভিযোগ উঠেছে তাদের ওপর। গ্রেফতার করা হয়েছে দুর্জয়কে। সাকিব আল হাসানও এখন আর দেশে ফিরতে পারছেন না। আর মাশরাফীও আত্মগোপনে আছেন।

তবে শুধু পালাবদল নয়, মানুষের ভালোবাসা ভাগ হয়ে যাওয়ার কারণ থেকেই ক্রিকেটারদের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন জয়সুরিয়া। বলেন, ‘রাজনীতি আসলে ক্রিকেটারদের কাজ নয়। অন্যরা কী বলবেন জানি না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, রাজনীতিতে যোগ দিয়ে আমি ভুল করেছিলাম। খেলা সবাই ভালোবাসে। পুরো জাতি আপনাকে ভালোবাসবে। আপনি যদি রাজনীতি করেন, সেটা ভাগ হয়ে যাবে, ভক্তরা ভাগ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘কাজেই ক্রিকেটারদের ক্রিকেটই উপভোগ করা উচিত, সেটা যেভাবেই হোক। আমি রাজনীতিতে জড়িয়ে আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্তটা নিয়েছিলাম। ১০ বছরের বেশি হলো তা থেকে সরে এসেছি। এখন আমি রাজনীতি নিয়ে কথা বলতেও পছন্দ করি না।’