সময়ের সাথে টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কিছুটা কমলেও অ্যাশেজ ঠিকই তার রোমাঞ্চ ধরে রেখেছে। আর শেষ কয়েকটি অ্যাশেজে দিবা-রাত্রির টেস্ট যেন যোগ করে বাড়তি মাত্রা।
তবে সেই বাড়তি রোমাঞ্চ আর বেশিদিন পাওয়া যাচ্ছে না, সামনে থেকে অ্যাশেজে হয়তো আর দেখা যাবে না পিংক বল টেস্ট। এমনটাই জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্তাদের আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। যদিও গোলাপি বলের লড়াই থেকে সরে আসার বড় কারণ ইংল্যান্ডের অনীহা।
আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্দেশনা অনুযায়ী, দিবারাত্রির টেস্ট আয়োজন করতে হলে দু’দেশের সম্মতি প্রয়োজন।
কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দিবা-রাত্রির টেস্টের বিপক্ষে। অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজে গোলাপি বলের প্রয়োজন বলে মনে করেন না ইসিবি কর্মকর্তারা।
যদিও অস্ট্রেলিয়া দল ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো গোলাপি বলের টেস্টের পক্ষে। গত অ্যাশেজ সিরিজে রেকর্ড পরিমাণ দর্শক মিলেছে, যার একটি কারণ ছিল পিংক বল টেস্ট।
উল্লেখ্য, আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য একমাত্র ১৫০ বছরপূর্তি টেস্টই হতে যাচ্ছে অ্যাশেজে গোলাপি বলের শেষ ম্যাচ।
এরপর থেকে আর কোনো গোলাপি বলের টেস্ট দেখা যাবে না অ্যাশেজে।