প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর লজ্জা এড়ানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে টাইগাররা। সিরিজ হার এড়াতে হলে জিততেই হবে তাদের। বিপরীতে জিম্বাবুয়ের সামনে সুযোগ সিরিজ নিশ্চিত করার।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ সোমবার চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। খেলা শুরু হয়েছে সকাল ১০টায়।
সিরিজের প্রথম ম্যাচে সিলেটে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সেই হারে খাদের কিনারে দাঁড়িয়ে টাইগাররা। ফলে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ বাঁচাতে জিততেই হবে শান্ত-মুশফিকদের।
যদিও জিতলেও জেতা হবে না সিরিজ। জিম্বাবুয়ে প্রথম ম্যাচ জিতে যাওয়ায় আছে কেবল সমতায় ফেরার সম্ভবনা। আর যদি হেরে যায় বাংলাদেশ বা ড্র করে এই টেস্ট, তবে সিরিজ জিতে যাবে জিম্বাবুয়ে।
এই ম্যাচের স্কোয়াড থেকে আগেই ছেড়ে দেয়া হয়েছে নাহিদ রানাকে। এই পেসার পাকিস্তান সুপার লিগে খেলতে গেছেন। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে অভিষেক হচ্ছে আরেক পেসার তানজিম হাসান সাকিবের।
আরো দু’টি পরিবর্তন আছে বাংলাদেশের একাদশে। ফিরেছেন এনামুল হক বিজয় ও নাইম হাসান। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।