বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে গিয়ে দারুণ সময় পার করছেন রিশাদ হোসেন। তার দল হোবার্ট হারিকেন্সও আছে ছন্দে। এক ম্যাচ বাকি রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে তারা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় ছাড়াই রোববার প্লে-অফ নিশ্চিত করেছে হারিকেন্স। শনিবার সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ওভার খেলার পরই শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেয় হারিকেন্স ও সিডনি। এতেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় হারিকেন্স। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে তারা।
দলের এই সাফল্যে বড় অবদান রিশাদের। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এমনকি বিগ ব্যাশের চলতি মৌসুমে স্পিনারদের মাঝে সর্বোচ্চ উইকট তার দখলে।
উল্লেখ্য, বিগ ব্যাশে রিশাদের আগে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুম খেলে মোট ৯ উইকেট পেয়েছিলেন তিনি। তবে রিশাদ এক মৌসুম খেলেই ছাপিয়ে গেলেন সাকিবকে।