আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ড এখন বেশ পরিণত। অর্জনের পাল্লাও নেহাত মন্দ নয়। বড় দলগুলোর বিপক্ষে আছে স্মরণীয় জয়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া আজকের জয়টা ভিন্ন। রেকর্ড রানে জিতেছে তারা।
বৃহস্পতিবার (২২ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যা আইরিশদের সবচেয়ে বড় জয়।
ডাবলিনে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের বিশাল পুঁজি পায় পল স্টার্লিংয়ের দল। জবাবে ১৭৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। ফলে তিন ম্যাচের সিরিজটি ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
এই জয়ের ফলে ওয়ানডেতে টানা তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল আয়ারল্যান্ড। ২০২২ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটো জিতেছিল আইরিশরা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে স্বাগতিকরা। ওপেনিং জুটি থেকে আসে ১০৯ রান। অধিনায়ক স্টার্লিং ৫৪ রানে আউট হলেও, শতক তুলে নেন অ্যান্ড্রু বালবির্নি। ১৩৮ বলে ১১২ রানে আউট হন তিনি।
এরপর মিডল অর্ডারে হ্যারি টেক্টর করেন ৫১ বলে ৫৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুদাকেশ মোতি নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৩১ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ, কেসি কার্টি, আমির জাঙ্গু ও অ্যাকিল হোসেন দ্রুত ফেরেন। ব্র্যান্ডন কিংয়ের ১৯ ছাড়া বলার মত রান নেই কারো।
এরপর রোস্টন চেজ ৫৫ ও ম্যাথিউ ফোর্ড ৩৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। জাস্টিন গ্রিভসের ব্যাটে আসে ১৭ বলে ৩৫ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে দলের বড় হার এড়ানো যায়নি। পেসার ব্যারি ম্যাকার্থি ৮ ওভারে ৩২ রানে ৪টি উইকেট নেন। টম মায়েস ও মার্ক অ্যাডায়ার নেন দু’টি করে উইকেট।
স্মরণীয় এই জয়টা আরো স্মরণীয় হয়ে উঠে পল স্টার্লিংয়ের জন্য। ব্যক্তিগত ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ওয়ানডেতে ৫ হাজার ৯৭৯, টি-টোয়েন্টিতে ৩ হাজার ৬৫৬ ও টেস্টে ৩৮২ রান করেছেন তিনি।