দীর্ঘ ২২ বছর পর টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। বৃহস্পতিবার (২২ মে) থেকে নটিংহামে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে দু’দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে টেস্ট।

টেস্ট ইতিহাসে তিনবার টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। ১৯৯৬, ২০০০ ও ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে তারা। এসময় ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ইংল্যান্ড, তিনটি টেস্ট ড্র হয়। ইংলিশদের বিপক্ষে কখনো টেস্ট জিততে পারেনি জিম্বাবুয়ে।

২০০৩ সালের পর কখনো টেস্টে মুখোমুখিও হয়নি ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। সর্বশেষ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এবার ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়তে চায় জিম্বাবুয়ে।

দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আমরা ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছি। এই টেস্ট নিয়ে সবার মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে কখনো টেস্ট জিততে পারিনি। এবার আমরা ইতিহাস গড়তে চাই। নতুন কিছুর জন্ম দিতে চাই। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

গত মাসে বাংলাদেশ সফরে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। দু’ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে তারা। বাংলাদেশ সিরিজ থেকে অনুপ্রেরণা নিয়ে ইংল্যান্ডকে চমকে দিতে চায় জিম্বাবুয়ে।

আরভিন বলেন, ‘ইংল্যান্ড বিশ্ব সেরা দল। তবে আমরা আত্মবিশ্বাসী। সর্বশেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে একটি জয় আমাদের উৎসাহিত করছে। ওই সিরিজের অভিজ্ঞতা ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে চাই। আশা করছি, দলের সবাই নিজেদের সেরা ক্রিকেট খেলবে এবং সাফল্য পাবে।’

টেস্ট র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে ১২তম ও শেষ দল হলেও তাদের সমীহ করছে ইংল্যান্ড। জিম্বাবুয়েকে হালকাভাবে নেবার কোন সুযোগ নেই বলে জানান ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট সিরিজে ভালো করেছে। এজন্য তাদের হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। আমরা সতর্ক থাকব এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফিরছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।

এ টেস্ট দিয়ে অভিষেক হতে যাচ্ছে ডান-হাতি পেসার স্যাম কুকের। ৮৯টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৩২১ উইকেট শিকার করেছেন তিনি। তার সাথে পেস আক্রমণে থাকছেন জশ টাং ও গাস অ্যাটকিনসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির।

টপ অর্ডারে আছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও ওলি পোপ। চার ও পাঁচ নম্বরে নামবেন জো রুট এবং হ্যারি ব্রুক। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন জেমি স্মিথ।

একমাত্র টেস্টের জন্য সম্প্রতি শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। টেস্ট দলে ফিরেছেন সিকান্দার রাজা, পেসার নিউম্যান ন্যামহুরি ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দেকে।

বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েন জোনাথন ক্যাম্পবেল, ভিনসেন্ট মাসেকেসা ও নিয়াশা মায়াভো। ইংলিশ পেস কন্ডিশন বিবেচনায় লেগ-স্পিনার মাসেকেসার জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার ন্যামহুরিকে।

ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জশ টাং ও শোয়েব বশির।

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, সিন উইলিয়ামস। বাসস