সুপার লিগের শেষ ম্যাচটা আগেই রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। আজ শিরোপা নির্ধারণী সেই ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী ও মোহামেডান। যেখানে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে মোহামেডান।
আজ মঙ্গলবার মিরপুরে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যেখানে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪০ রান তুলেছে মোহামেডান। ফিফটি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম।
মোহামেডানের শুরুটা ছিল দারুণ, দুই ওপেনার রনি তালুকদার ও তৌফিক খানের ব্যাটে ৮ ওভারেই ৫০ রান করে দলটি। তবে এরপরই পথ হারায় সাদ-কালোরা। নবম ওভারে মৃত্যুঞ্জয়ের শিকার হোন তুষার (১৬)।
আর ১২তম ওভারে থামেন রনি। ৪৭ বলে ৪৫ রানে আউট হোন তিনি। তিনে নেমে আনিসুল ইসলাম হাল ধরতে পারেননি। ৪২ বলে মাত্র ১৫ রান আসে তার ব্যাটে। ফরহাদ হোসেনের ব্যাটে আসে ৪২ রান।
১২৪ রানের মধ্যে প্রথম ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় তারা। সেখান থেকে তাদের উদ্ধার করেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। ৯০ রানের জুটি গড়েন তারা। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা।
তবে শেষ দিকে সময়ের প্রয়োজন মেটাতে পারেননি তারা। ৪৬তম ওভারের শেষ বলে ৬২ বলে ৫০ করে আউট হোন মাহমুদউল্লাহ। এরপর আরিফুলও আউট হয়েছেন ঠিক ৫০ রানে।
বল হাতে মৃত্যুঞ্জয় ও মোসাদ্দেক সৈকত নেন দু’টি করে উইকেট। শিরোপা জিততে আবাহনীর প্রয়োজন ২৪১ রান।