এমন কিছুর কথা সপ্তাহখানেক আগেও নিশ্চয়ই ভাবেননি লিটন দাস। ভাবতে পারেনি কেউই। আরব আমিরাতের কাছে সিরিজ হার, দুঃস্বপ্নেও তো আসেনি। তবে হয়েছে তাই, লজ্জায় ডুবেছে লিটন বাহিনী।

পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ায় শারজায় এক ম্যাচ বাড়িয়ে আমিরাতের বিপক্ষে সিরিজটা করা হয় তিন ম্যাচের। তাই যেন কাল হয়ে দাঁড়ালো, দ্বিতীয় ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচও জিতে নিল আরব আমিরাত।

২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনো সহযোগী কোনো সদস্য দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।

গতকাল বুধবার শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। যা শুরুতেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন লিটন দাসের নেতৃত্ব। যদিও লিটন বলছেন, বিষয়টা ‘জীবনের অংশ।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যখন এখানে এসেছি, সবসময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। কিন্তু হেরে যাওয়াও জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

সিরিজে শুরু থেকেই ভূমিকা রাখছে শিশির। যার জন্য দ্বিতীয় ইনিংসে বোলিং করা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে আবার টানা তিন ম্যাচেই হয়েছে টস হার। ফলে পরে ব্যাট করার সুযোগ নিয়েছে স্বাগতিকেরা।

এই প্রসঙ্গে লিটন বলেন, ‘আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।’

এমনকি সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন কালও বলেছেন শিশিরের প্রভাবের কথা। বলেন, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে।’

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত। আগেরটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে।