সাকিব-তামিম নেই অনেকদিন, চ্যাম্পিয়নস ট্রফির পর বিদায় বলে দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। বাংলাদেশ দলটা যাচ্ছে তাই বড় পরিবর্তনের মধ্য দিয়ে।

আর দিন বদলের এই সময়ে বড় চ্যালেঞ্জের মুখে মেহেদী মিরাজ। এলোমেলো দলটাকে নতুন করে গড়ার দায়িত্ব পেয়েছেন তিনি। পেয়েছেন অধিনায়কত্ব।

তার নেতৃত্বেই পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। গত ১৮ বছরে যা প্রথমবার। সুতরাং যেমন করে নেতৃত্বের ভার সামলাতে হবে মিরাজকে, তেমনি ব্যাটে-বলেও নিতে হবে দায়িত্ব।

মাহমুদউল্লাহ-মুশফিকের বিদায়ে ব্যাটিংঅর্ডারে তৈরি হয়েছে শূন্যতা, আর সেই ফাঁকা জায়গায় নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত মিরাজ নিজেই। লিটন দাসকে নিয়ে নিতে চান মিডলঅর্ডারের দায়িত্ব।

আগামীকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় স্বাগতিকদের আতিথ্য নেবে টাইগাররা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এই সময় তিনি জানান নিজের ও দলের ব্যাটিং পরিকল্পনা। তিনি বলেন, ‘মুশফিক ও রিয়াদ ভাই অনেক গুরুত্বপূর্ণ জায়গায় খেলতেন। এখন দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরই সেই জায়গাগুলো নিতে হবে।’

এরপর নিজের সম্পর্কে মিরাজ বলেন, ‘অধিনায়ক হিসেবে মনে করি, এই দু’জায়গার একটিতে আমি ব্যাট করতে পারি। অন্য জায়গায় লিটনকে খেলানো যায়।’

অর্থাৎ ৪ ও ৬ নম্বরে দেখা যেতে পারে এই দুজনকেই।

এমনটা যদি হয়, তাহলে ওয়ানডেতে আর ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে না লিটন দাসকে। ফলে তানজিদ তামিমের সাথে উদ্বোধনী জুটিতে দেখা যাবে নতুন মুখ।

তবে তানজিদ তামিমের সাথে ওপেনার হিসেবে পারভেজ ইমন নাকি আবার দলে ফেরা নাইম শেখ? কে ওপেন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দুজনের যে কেউ একজন খেলতে পারেন।

তবে একাদশ কেমন হবে, কে থাকছেন ওপেনিংয়ে; সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল ম্যাচ শুরু হলেই।