শান্ত-লিটনদের নিয়ে হতাশার মাঝেই সুখবর এনে দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। জাতীয় পুরুষ ক্রিকেট দল যখন ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছুটছে তলানির দিকে, তখন সুখবর এনে দিলো টাইগ্রেসরা।
নিগার সুলতানা জ্যোতির দল ওয়ানডে র্যাঙ্কিংয়ে পেল সুখবর। বার্ষিক হালনাগাদে এই সংস্করণে উন্নতি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এক ধাপ এগিয়ে উঠে এসেছে সপ্তম স্থানে।
ভারত-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর বুধবার প্রকাশ পায় বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং। গত তিন বছরের পারফরম্যান্সের ভিত্তিতে এগিয়ে গেছে টাইগ্রেসরা।
এবারের হালনাগাদে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দলীয় পারফরম্যান্সের ৫০ ভাগ এবং এরপর থেকে শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে। যেখানে বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৯।
যেখানে ৫০ ভাগ বিবেচনায় নেয়া সময়ে ১৭ ওয়ানডে খেলে জিতেছে মাত্র তিনটিতে, হার নয়টি, ফল হয়নি তিন ম্যাচে। টাই হয় দু'টি ম্যাচ। আর শতভাগ বিবেচনার সময়ে ১১ ওয়ানডেতেই টাইগ্রেসদের জয় ৭ ম্যাচে।
এই সময়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ও পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন জয়ে মূল পর্বের টিকিট পেয়ে গেছে জ্যোতিরা।
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে রেকর্ড সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল। দুইয়ে আছে ইংল্যান্ড ও ভারত আছে তিনে।
উল্লেখ্য, সময়টা মোটেও ভালো যাচ্ছে না শান্ত-লিটনদের। কিছুদিন আগে আইসিসি থেকে বড় ধাক্কা খায় তারা। দশে নেমে আসে ওয়ানডে র্যাঙ্কিং। যা গত দুই দশকের মাঝে সবচেয়ে বাজে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ
গত তিন বছরের পারফরম্যান্সের ভিত্তিতে এগিয়ে গেছে টাইগ্রেসরা