অঘটনের জন্ম দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগে যা কখনো ঘটেনি, তাই ঘটেছে এবার। মেজাজ হারিয়েছেন তিনি, গ্যালারি টপকে তেড়ে গেছেন দর্শকের দিকে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে বড় বিতর্ক সৃষ্টি করলেন তিনি।
আজ মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনালে রূপ নেয়া আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে দেখা গেল অপ্রীতিকর এই ঘটনা। আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে সাজঘরের ফেরার সময় ঘটান এই কাণ্ড।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এমনিতেই উত্তেজনা ছড়ায়, ম্যাচটা ছিল আবার শিরোপা নিষ্পত্তির। ফলে এদিন কঠিন চাপেই ছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচে হেরে যাওয়ায় মেজাজ হয়ে উঠে চড়া।
জানা যায়, পরাজয়ের পর মাঠ ছেড়ে যাওয়ার সময় সাজঘরের পাশে গ্র্যান্ড স্ট্যান্ড থাকা দর্শকদের থেকে কেউ কিছু একটা বলে। তা শুনেই মেজাজ হারান এই অলরাউন্ডার। আশপাশে থাকা কয়েকজন তখন ফেরানোর চেষ্টা করেন মাহমুদউল্লাহকে। এরপর মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ গিয়ে ফিরিয়ে আনেন তাকে। ফেরার সময়ও প্রচণ্ড ক্ষুব্ধ দেখা যায় তাকে।
এদিকে মাহমুদউল্লাহর এমন আচরণ ভালোভাবে নেননি গ্যালারির দর্শকেরা। বিষয়টি নিয়ে মিনিট দশেক হট্টগোলও চলে গ্যান্ড স্ট্যান্ডে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া এই অলরাউন্ডারকে।
এই বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বা ক্লাবের পক্ষ থেকে কেউ মুখ না খুললেও কথা বলেছেন এ শিকার হওয়া দর্শক। মোহাম্মদ নাদিম নামের সেই দর্শক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, ‘আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্টটা হয়, সেটা আমার সাথে। ম্যাচ শেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পেছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসেন।’
তিনি বলেন, “আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি, ‘ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ’। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, ‘শিপন ভাই, প্রতিবছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়।’ এখানে ‘ভুয়া’ ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলিনি। আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেছিল। কিন্তু এর হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে।”