কাউন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন হাসান মাহমুদ। লাল বলে সাফল্যের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই পেসার। তিন ম্যাচের জন্য তাকে দলে নিয়েছে কাউন্টি ক্লাব কেন্ট।

বুধবার এক বিবৃতিতে হাসানের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট। এর মধ্য দিয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কেন্টের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি।

কয়েক দিন আগেই কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক হয় হাসানের। প্রথম ম্যাচেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৯ উইকেট নিয়ে আলোচনায় চলে আসেন তিনি। দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেন ৬ উইকেট। এরপর মিডলসেক্সের বিপক্ষে আরো ৩ উইকেট নিয়ে দুই ম্যাচেই মোট ১২ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।

লাল বলে এমন ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে নতুন সুযোগ। টি-টোয়েন্টি ব্লাস্টে তিন ম্যাচ খেলবেন হাসান। ৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে অভিষেক হওয়ার কথা তার। এরপর ১০ জুলাই সারে এবং ১২ জুলাই মিডলসেক্সের বিপক্ষেও কেন্টের জার্সিতে মাঠে নামবেন তিনি।

নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় থাকা হাসান এই সুযোগকে দেখছেন নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে।

‘এখন পর্যন্ত কেন্টে দারুণ সময় কাটিয়েছি। আবারো ফিরে এসে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার সুযোগ পেয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। সামনে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ আছে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে দলের জন্য নিজের সেরাটা দিতে চাই।’

কেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘আমার ওপর বিশ্বাস রাখার জন্য কেন্টকে ধন্যবাদ। বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া বড় ব্যাপার। আশা করি এখানে ভালো পারফর্ম করে সাদা বলের ক্রিকেটেও নিজের অবস্থান আরো শক্ত করতে পারব।’

জাতীয় দলের বাইরে থাকলেও ইংল্যান্ডে নিজের বোলিং দিয়ে নজর কেড়েছেন হাসান মাহমুদ। কাউন্টি ক্রিকেটে সফল শুরুর পর এবার টি-টোয়েন্টি ব্লাস্টেও সেই ছন্দ ধরে রাখতে পারলে বাংলাদেশের এই পেসারের জন্য সামনে আরো বড় দরজা খুলে যেতে পারে।