৭ উইকেটে ২৯১ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। মিরাজ-তাইজুলের ব্যাটে অনায়াসেই পেরিয়ে যায় ৩০০ রানের গণ্ডি। তবে এরপরই মাঠ ছাড়তে হয় দু’জনকেই। হঠাৎ বৃষ্টিতে বন্ধ খেলা।
আজ বুধবার দিনের শুরুতেই চট্টগ্রামের আকাশে দেখা যায় কালো মেঘ। বৃষ্টির সম্ভাবনা জানান দিচ্ছিলো তখনই। তবে দেরি করেনি, ২ ওভার যেতেই ঝরে পড়ে বৃষ্টি। তবে বেশিক্ষণ বন্ধ রাখতে হয়নি, ১৭ মিনিট পর শুরু হয় খেলা।
আগের দিন খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম বলেছিলেন লিডটা তিন অংকের ঘরে নিয়ে যেতে চান তারা। মেহেদী মিরাজ আর তাইজুলের উপর ভরসা আছে তার।
সেই ভরসা রাখলেন দু’জনেই। কোনো বিপদ ছাড়াই দলকে এনে দিয়েছেন শতরানের লিড। বাংলাদেশের সংগ্রহ এখন ৯৫ ওভার শেষে ৭ উইকেটে ৩৩১। লিড আছে ১০৪ রানের।
তবে আশার কথা হলো, মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম ব্যাট করছেন সাচ্ছন্দ্যেই। মিরাজ ৫৮ বলে ৩৭ ও তাইজুল মাঠে আছেন ৩৯ বলে ১৫ রান নিয়ে। দু’জনের জুটিতে ইতোমধ্যেই যোগ হয়েছে ৫২ রান।
উল্লেখ্য, চট্টগ্রামে চলছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। যেখানে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেট নেন তাইজুল ইসলাম।