শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় ইডেন গার্ডেনে। কিন্তু বৃষ্টির পূর্বাভাসের কারণে ম্যাচটি সরিয়ে নেয়া হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে, এখন জানা যাচ্ছে- আহমেদাবাদেও বৃষ্টি নামতে পারে আজ।

মঙ্গলবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন তথ্যই নিশ্চিত করেছে। আহমেদাবাদের আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে আজ বৃষ্টি হতে পারে, যা সমস্যা সৃষ্টি করতে পারে আইপিএলের ফাইনালে।

অহমদাবাদের আবহাওয়া অফিসের ডিরেক্টর অরুণ কুমার দাসানে বলেছেন, হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। বিশেষ করে আহমেদাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের ফাইনাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। দুই দলই কখনো আইপিএল জিততে পারেনি। ফলে এবারের আইপিএল নতুন বিজয়ী পাবে।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত ছিল। আইপিএলের শুরুতে যে সূচি তৈরি করা হয়েছিল, তাতে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু পরিবর্ত সূচিতে সেই দুটি ম্যাচ দেয়া হয় আহমেদাবাদে। কলকাতায় জুনের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ম্যাচ সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন (১ জুন) কলকাতায় বৃষ্টি না হলেও আহমেদাবাদে হয়েছিল। যে কারণে ম্যাচ ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল। ফাইনালেও তেমন কিছু হতে চলেছে? আহমেদাবাদের আবহাওয়া অধিদফতর তেমন ইঙ্গিতই দিচ্ছে।

বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে ম্যাচ শেষ করার জন্য। মঙ্গলবার কোনোভাবেই খেলা সম্ভব না হলে রয়েছে রিজার্ভ ডে। একমাত্র ফাইনালের জন্যই বাড়তি একটি দিন বরাদ্দ রেখেছে বিসিসিআই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার অহমদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশায় রাখবে দুই দলকে। তবে দ্বিতীয় দিনও বৃষ্টির জন্য খেলা সম্ভব না হলে সুবিধা পাবে লিগ পর্বে এগিয়ে থাকা দল। সেই হিসাবে এগিয়ে থাকবে পাঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় শ্রেয়াস আইয়ারেরা ছিলেন শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিল দ্বিতীয় স্থানে। তাই ট্রফি যাবে পাঞ্জাবে।