রাজধানীর কামরাঙ্গীরচরের বেরিবাঁধ এলাকায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে কামরাঙ্গীরচরের বেরিবাঁধ এলাকার মাহাতাব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত তাহসিন (১০) কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকার ওমর ফারুকের ছেলে। মোহাম্মদ ওয়াজিদ (১১) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা তাদের চাচা মোহাম্মদ সাগর জানান, তিনি মোটরসাইকেলে করে তাহসিন ও ওয়াজিদকে আজিমপুরের একটি স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে মাহাতাব পাম্পের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে যান। এতে তিনি সামান্য আহত হলেও দুই শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাদের ভর্তি রেখে চিকিৎসা শুরু করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, বেরিবাঁধ এলাকা থেকে ট্রাকের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে আনা হয়েছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি কামরাঙ্গীরচর থানা পুলিশ আটক করেছে।