মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে বিপদে বাংলাদেশ। হারিয়ে বসেছে জোড়া উইকেট। ফিরে গেছেন থিতু হয়ে যাওয়া দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। ৭৬ রানে নেই ৪ উইকেট।
কলম্বো টেস্টের প্রথম দিনে আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। যেখানে ২ উইকেটে ৭১ রান করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। সাদমান ৪৩ ও শান্ত ৭ রানে অপরাজিত থাকেন।
তবে বিরতির পর তারা আর হাল ধরতে পারেননি। অল্প সময়ের ব্যবধানে ফিরেছেন দু’জনেই। গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এবার যেতে পারলেন না দুই অঙ্কের ঘরেই।
বিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ধরা পড়েন কুসাল মেন্ডিসের গ্লাভসে। ২৮ ওভারের শেষ বলে ফিরতে হয় ৩১ বলে ৮ রানে। পরের ওভারে ফেরেন সাদমান।
ফিফটির আক্ষেপ নিয়ে সাদমান আউট হোন ৯৩ বলে ৪৬ করে। থারিন্দু রত্নানায়েকের শিকার তিনি। তাতে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
পরের ওভারে ফিরতে পারতেন মুশফিকও, তবে বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। লিটনকে সাথে নিয়ে তিনিই এখন আছেন লড়াইয়ে। ৭ রানে খেলছেন মুশফিক, লিটন আছেন ৮ রানে।
তবে এই মুহূর্তে মাঠে নেই বাংলাদেশ। হঠাৎ বৃষ্টিতে আপাতত বন্ধ আছে খেলা। ৩৩.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯০।
এর আগে দিনের শুরুতে চাপ বাড়ান এনামুল হক বিজয়। গল টেস্টের পর কলম্বোতেও একই শুরু তার। ইনিংস উদ্বোধন করতে নেমে ফিরেছেন রানের খাতা না খুলেই, আসিথা ফার্নান্দোর শিকার হয়েছেন ১০ বল খেলে।
শেষ তিন ইনিংসে যা বিজয়ের দ্বিতীয় ডাক (০)। তার বিদায়ে ৪.২ ওভারে মাত্র ৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে দু’বার জীবনও পান তিনি। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বিজয়।
এরপর হতাশ করেন মুমিনুল হকও। শ্রীলঙ্কায় মোটেও হাসছে না তার ব্যাট। দেশ সেরা এই টেস্ট ব্যাটসম্যান আটকা পড়েছেন ব্যর্থতার বৃত্তে। গলের পর কলম্বোতেও ধরাশায়ী তিনি। ফিরেছেন যার মাশুল দিতে হচ্ছে দলকে।
মুমিনুল ফেরেন থিতু হয়ে, ৩৯ বলে ২১ করে। ভাঙে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি। দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।