পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান, খবর রটেছিল আগেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। সেই সাথে অনাপত্তিপত্রও মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি।
দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে হুট করেই দলে নিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। আসরের বাকি অংশে খেলবেন তিনি।
ভারত ও পাকিস্তানের যুদ্ধের কারণে গত সপ্তাহে মাঝপথে বন্ধ হয়ে যায় পিএসএল। তবে দু’পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় ফের ১৭ মে (শনিবার) মাঠে গড়াচ্ছে খেলা। যার অংশ হতে যাচ্ছেন সাকিব।
যুদ্ধ শুরু হলে পিএসএল ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন একাধিক তারলা ক্রিকেটার। এখন ফের খেলা মাঠে গড়ালেও জানা গেছে অনেকেও আর ফিরছেন না। সুবাদে তার বিকল্প খুঁজতে শুরু করেছে দলগুলো।
সেই সুযোগে পিএসএলের মাঝপথে দল পেলেন সাকিব। অবশ্য নিলামেও নাম ছিল তার। তবে সেই সময় তার বোলিং নিষিদ্ধ থাকায় আগ্রহ দেখায়নি দলগুলো। তবে এখন সেই সমস্যা কাটিয়ে উঠেছেন সাকিব।
তাতেই বাজিমাত লাহোরের। সাকিবকে দলে ভিড়িয়েছে তারা। কিউই তারকা ডেরিয়েল মিচেলের বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছে লাহোর। নিজেদের অফিসিয়াল ফেসবুজ পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
জানা গেছে, পিএসএল খেলতে সাকিবকে এনওসি দিয়েছে বিসিবি। দ্রুতই রাওয়ালপিন্ডিতে দলের সাথে যোগ দেবেন তিনি। যদিও লিগ পর্বে আর মাত্র একটা ম্যাচ বাকি তাদের।
সুযোগটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সাকিব। তাইতো কিছুদিন আগে থেকেই শুরু করেছেন অনুশীলন।