আগেই জানা গিয়েছিল পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা ও সৌম্য সরকার। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তারা। দলকে আরব আমিরাতে রেখে দেশে ফিরেছেন তারা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাত থেকে আগামী ২৫ মে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তবে নিরাপত্তা শঙ্কায় সেই সফর থেকে নাম প্রত্যাহার করে নেন নাহিদ রানা।
দিন কয়েক আগেই পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ রানা। তবে প্রথমবারের মতো দেশের বাহিরে কোনো ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাবার অভিজ্ঞতা ভালো হয়নি তার। পড়তে হয় ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে।
যদিও বিশেষ ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে পাকিস্তান ছাড়েন নাহিদ রানা। বন্ধ হয়ে যায় পিএসএলও। তবে সপ্তাহ খানেক পর ফের আসর মাঠে গড়ালেও আর ফিরে যাননি নাহিদ। যুদ্ধ ভীতি পেয়ে বসে তাকে।
যার জেরে এবার জাতীয় দলের হয়েও পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নেন এই পেসার। ফলে দলকে আরব আমিরাতে রেখে গত রাতে (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন তিনি। তার সাথে ফিরেছেন সৌম্য সরকারও।
যদিও সৌম্য ফিরেছেন বাধ্য হয়ে, চোটে পড়ে। পিঠের চোটের কারণে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন তিনি। সদ্য শেষ হওয়া আরব আমিরাত সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি সৌম্য।
এদিকে দলছুট হয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান কেলি। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরের অংশ হবেন না তারাও।
অন্যদিকে শুক্রবার রাতে ভারত থেকে দলের সাথে যোগ দেবেন পেসার মোস্তাফিজুর রহমান। আর লাহোর কালান্দার্সের পিএসএল মিশন শেষ হওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দেবেন মেহেদী মিরাজ।
মেহেদী মিরাজের অবশ্য টি-টোয়েন্টি দলে থাকার কথা ছিল না। দলেও ছিলেন না তিনি। তবে সৌম্য সরকারের চোট সুযোগ করে দিয়েছে তাকে।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে। একদিন পর ৩০ মে ম্যাচে দ্বিতীয় আর ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।