ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আগামী ১ জুন দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ৩ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ মে) আইপিএলের প্লে-অফের নতুন সূচি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সূচি অনুযায়ী ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত ও পাকিস্তান সংঘাতের পর আইপিএলের প্লে-অফের ম্যাচ কলকাতায় আয়োজন নিয়ে শঙ্কা জাগে। শেষ পর্যন্ত কলকাতা থেকে সরিয়ে নেয়া হলো ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

হায়দরাবাদ থেকে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচও সরিয়ে নেয়া হয়েছে। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার ও ৩০ মে এলিমিনেটর মুল্লানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে হবে।

বৃষ্টির কারণে লিগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দারাবাদের ম্যাচের ভেন্যুতেও পরিবর্তন আনা হয়েছে। ২৩ মে ম্যাচটি ব্যাঙ্গালুরুর পরিবর্তে লক্ষ্মৌতে অনুষ্ঠিত হবে।

বৃষ্টির কারণে ম্যাচে বিলম্ব হলে অতিরিক্ত সময় ৬০ মিনিট দেয়া হত। প্লে-অফে সেই সময় ১২০ মিনিট করা হয়েছে।