মুদ্রার উল্টো পিঠ দেখছে বাংলাদেশ। পঞ্চাশ পেরোতেই নেই ৫ উইকেট! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ধুঁকছে টাইগাররা, ভেঙে গেছে ইনিংসের মেরুদণ্ড। তিন অংকে পৌঁছা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। ১০ ওভার শেষে রান ৫ উইকেটে ৬৯।

সেঞ্চুরির পর দ্বিতীয় ম‍্যাচে বিশ্রামে ছিলেন পারভেজ ইমন। তৃতীয় ম‍্যাচে ফের ফিরলেও ফেরেনি ছন্দ। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ।

অধিনায়ক লিটন দাস পারেননি হাল ধরতে। ব্যর্থ তিনিও। আশা জাগিয়েও ফেরেন ১০ বলে ১৪ করে। ৪র্থ ওভারের প্রথম বলে লিটনের বিদায়ের ধাক্কা কেটে ওঠার আগেই ফের ধাক্কা খায় সফরকারীরা।

এক বল পরই ফেরেন তাওহীদ হৃদয় (০)। ৪ ওভারে ৩ উইকেট হারালেও ৩১ রান আসে তানজিদ তামিমের কল্যাণে। শুরু থেকেই দারুণ খেলছিলেন এই ব্যাটার। চারে নেমে তাকে সঙ্গ দিতে পারেননি শেখ মেহেদীও।

এক ম্যাচ পর একাদশে ফিরে বাংলাদেশ দলের এই সহঅধিনায়ক ফেরেন ৯ বলে ২ রান করে। পাওয়ার প্লেতে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে বাংলাদেশ। তখনো অবশ্য ভরসা হয়ে দাঁড়িয়ে তামিম। খেলছিলেন মারমুখী।

সতীর্থদের আশা যাওয়ার মধ‍্যে এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলছিলেন তিনি। সপ্তম ওভারে আকিফ রাজার তিন বলে মেরেছিলেন দুটি চারও। তবে পরের বলেই থামতে হয় তাকে।

সমান ৪টি ছক্কা ও চারে ১৮ বলে ৪০ রানে ফেরেন তামিম। দলের রান তখন ৬.৪ ওভারে ৫৭/৫! অর্থাৎ দুই তৃতীয়াংশের বেশি রান একাই করেছিলেন তামিম। তার বিদায়ে তাই বড় বিপদে বাংলাদেশ।

যদিও শামীম পাটোয়ারী ও জাকের আলি মিলে চেষ্টা করছেন ইনিংসের হাল ধরার। তবে মহা চ্যালেঞ্জের মুখে টাইগাররা। মাত্র ৪ রানে ৩ উইকেট নিয়েছেন হায়দার আলি।