দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথম দিনই ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে দিন শেষে ২ উইকেটে ১৭০ রান করেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’। ৮ উইকেট হাতে নিয়ে ৪৮ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

প্রিটোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। ১৫ রানের সূচনার পর প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রানে আউট হন ওপেনার মোহাম্মদ নাইম।

দ্বিতীয় উইকেটে ২৪ রানের জুটি গড়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিন নম্বরে নামা শাহাদাত হোসেন। দলীয় ৬১ রানের মধ্যে সাজঘরে ফেরেন তারা।

জয় ১৯ ও শাহাদাত ২৩ রানে থামেন। তাদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। বড় কোনো জুটি না হওয়ায় ৪৪.৩ ওভারে ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ।

দশ নম্বরে নেমে দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৮ রান করেন আল ফাহাদ। এ ছাড়া জাকির হাসান করেন ১১ রান। চার ব্যাটার ছাড়া বাংলাদেশের আর কেউই দুই অংকে পা রাখতে পারেননি।

বল হাতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের জেরাল্ড কোয়েৎজি ও টিসেপো এনতুলি ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন কোডি ইউসুফ ও টিসেপো মোরেকি।

বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে ২১ রানে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ওপেনার লেসেগো সিনোকওয়ানেকে খালি হাতে ফেরান পেসার আল ফাহাদ।

দক্ষিণ আফ্রিকার আরেক ওপেনার টিসেপাঙ্ক দিতহোলেকে ১০ রানে বিদায় দেন আরেক পেসার আনামুল হক।

তৃতীয় উইকেটে ১৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন জুবায়ের হামজা ও অধিনায়ক মারকুইস অ্যাকারম্যান। হামজা ৭০ ও অ্যাকারম্যান ৮০ রানে অপরাজিত আাছেন।

ফাহাদ ও আনামুল ১টি করে উইকেট নেন।