আজকের শুরুটা ‘স্বপ্নের’ মতো ছিল বাংলাদেশের। সর্বশেষ ১৩ ইনিংসে যেখানে উদ্বোধনী জুটিতে আসেনি পঞ্চাশ পেরোনো রান, সেখানে ১০৫ স্বপ্ন নয়তো কী! এটা আরো বড় স্বপ্ন সাদমান ইসলামের জন্য। ২৬ ইনিংস পর পেয়েছেন সেঞ্চুরির দেখা।

ইনিংসের শুরু থেকে ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে ছিলেন ২২ গজে। এনামুল হক বিজয়, মুমিনুল হক বিদায় নিলেও তিনি রানের চাকা ঘুরাচ্ছিলেন। অবশেষে ১২০ রানে বেনেটের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি।

এর আগে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। তবে দিনের প্রথম বলেই শেষ হয় তাদের ইনিংস, মুজারাবানিকে (২) ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেটের দেখা পান তাইজুল ইসলাম।

এরপর শুরু হয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ। প্রথম টেস্টে হতাশ করা ব্যাটাররা এবার কী করেন, তা দেখার অপেক্ষায় ছিল সবাই। তবে ২২৭ রান সামনে রেখে ভালোই শুরু করে বাংলাদেশ।

এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম মিলে পাড়ি দিয়েছেন প্রথম সেশনের পুরোটাই। ১০৫ রান তুলেছেন কোনো উইকেট না হারিয়েই। তাতে স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ।

এরপর বিজয় ৬৫ বলে চারটি চারে ৩৮ রানে সাজঘরে ফেরেন। বেশিদূর এগোতে পারেননি মুমিনুল হকও। ৩৩ রানে থামেন তিনি মাসাকাদজার শিকার হয়ে। তখনও এক প্রান্ত আগলে খেলছিলেন সাদমান ইসলাম। পরে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান। জিম্বাবুয়ে থেকে আর মাত্র ২২ রান পিছিয়ে বাংলাদেশ। ক্রিজে আছেন শান্ত-মুশফিক।